ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

রাজধানীতে কোনো গণপরিবহ চলছে না : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

রাজধানীতে কোনো গণপরিবহ চলছে না দাবি করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, যেসব গাড়ি চলছে সেগুলো গণপরিবহন নয়। কিছু গাড়ি বিভিন্ন অফিসের সাথে চুক্তিবদ্ধ হয়ে তাদের কর্মকর্তা কর্মচারীদের আনা নেয়া করছে। সোমবার (৫ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।


করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় সোমবার সকাল ৬টা থেকে সাত দিনের লকডাউন শুরু হয়েছে। আগামী ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত থাকবে এই লকডাউন। লকডাউনেও রাজধানীতে গাড়ি চলতে দেখা গেছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রতিমন্ত্রী বলেন, রাজধানীতে গণপরিবহন নেই। আপনারা নিশ্চয়ই লক্ষ করেছেন সেটি। যদি চলে, বিভিন্ন অফিসে তাদের প্রয়োজনীয় কর্মকর্তা এনে সীমিত পরিসরে তাদের প্রয়োজন অনুসারে অফিস পরিচালনা করবেন, সে ক্ষেত্রে এই পরিবহনগুলো তারা নিজেরা ব্যবস্থা করেছেন, এগুলো গণপরিবহন নয়। অফিসের সাথে তাদের চুক্তিবদ্ধ হয়েছে, কর্মকর্তাদের আনা-নেয়ার জন্য শুধু ব্যবহার হচ্ছে।


‘গণপরিবহন বন্ধ থাকলেও বইমেলা খোলা রাখা হচ্ছে’ এ প্রসঙ্গে ফরহাদ হোসেন বলেন, গণপরিবহন চলছে না কিন্তু রিকশা চলছে। রিকশার ওপর আমাদের কোনো বিধিনিষেধ নেই। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রিকশা কিন্তু অন্যান্য যানের চাইতে অনেক নিরাপদ। কারণ খুবই কম আক্রান্ত হয়। রিকশাওয়ালা এবং প্যাসেঞ্জারের মধ্যে দূরত্ব থাকে, এ জন্য সেটি কিন্তু খুব কম ঝুঁকিপূর্ণ।


জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, মাঠ প্রশাসন এবং সরকারের দায়িত্বশীল কর্মকর্তা যারা রয়েছেন এবং পুলিশ প্রশাসন, তারা অত্যন্ত কঠোরভাবে তাদের ওপর যে নির্দেশনা আছে সে নির্দেশনা বাস্তবায়ন করবেন। এখানে সেটির কোনো ব্যত্যয় হবে না।

তিনি বলেন, আমরা মানুষের গতিবিধিকে নিয়ন্ত্রণ করতে চাই। কারণ মানুষ যত বাইরে আসবে ততই সংক্রমণ বাড়বে। আজকে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি আগের অবস্থা থেকে এখনকার অবস্থা অনেক পরিবর্তন হয়েছে। সবাইকেই সংক্রমণ নিয়ন্ত্রণে সহযোগিতা করতে হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑